মার্চেন্ট শর্তাবলী

এক ড্যাশবোর্ডে কুরিয়ার ব্যবস্থাপনা ও ব্যবসা সহায়তা

কার্যকর: ০১ জুলাই ২০২৬ | সংস্করণ: ১.০

শুরুতেই যা জানা জরুরি

CourierX একটি প্রযুক্তিনির্ভর কুরিয়ার সমন্বয়কারী প্ল্যাটফর্ম। এর মাধ্যমে মার্চেন্ট এক জায়গা থেকে একাধিক কুরিয়ারের বুকিং, ট্র্যাকিং ও অন্যান্য কাজ পরিচালনা করতে পারেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা: CourierX নিজে কোনো কুরিয়ার প্রতিষ্ঠাণ না এবং নিজে পার্সেল বহন বা পৌঁছে দেয় না। সাবস্ক্রিপশন ফি ছাড়া মার্চেন্টের ক্যাশ অন ডেলিভারি (সিওডি) অর্থও CourierX গ্রহণ বা সংরক্ষণ করে না। এই অর্থ সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠান সরাসরি সংগ্রহ ও মার্চেন্টকে পরিশোধ করে।

এই শর্তাবলী মূলত ব্যবসায়িক মার্চেন্টের জন্য। প্রচলিত আইনে কোনো পক্ষের যে অধিকার বাতিল করা যায় না, এই শর্তাবলী সেই অধিকার সীমিত করবে না।

১. এই চুক্তির পক্ষ ও সম্মতি

  • এই শর্তাবলী CourierX পরিচালনাকারী 'CourierX' বা 'আমরা' বলা হয়েছে—এবং নিবন্ধিত মার্চেন্টের মধ্যে একটি চুক্তি।
  • অ্যাকাউন্ট খোলা, 'সম্মত' বোতামে চাপ দেওয়া, সাবস্ক্রিপশন নেওয়া অথবা প্ল্যাটফর্ম ব্যবহার করার অর্থ হলো আপনি এই শর্তাবলী মেনে নিয়েছেন।
  • ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আইনগতভাবে চুক্তি করার সক্ষমতা থাকতে হবে।
  • কোনো প্রতিষ্ঠানের পক্ষে অ্যাকাউন্ট খুললে, সেই প্রতিষ্ঠানকে এই চুক্তিতে আবদ্ধ করার ক্ষমতা আপনার থাকতে হবে।

২. কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ

শব্দসহজ অর্থ
প্ল্যাটফর্মcourierxbd.xyz, CourierX ড্যাশবোর্ড, অ্যাপ, এপিআই, সংযোগ ও সহায়ক সেবা।
মার্চেন্টCourierX ব্যবহারকারী ব্যবসা, বিক্রেতা বা তার অনুমোদিত প্রতিনিধি।
কুরিয়ার অংশীদারCourierX-এর সঙ্গে যুক্ত স্বাধীন কুরিয়ার বা সরবরাহকারী প্রতিষ্ঠান।
পার্সেল বুকিংকোনো পণ্য সংগ্রহ ও পৌঁছে দেওয়ার জন্য কুরিয়ারের কাছে পাঠানো অনুরোধ।
সিওডিপণ্য পৌঁছে দেওয়ার সময় গ্রাহকের কাছ থেকে কুরিয়ার প্রতিষ্ঠানের সংগ্রহ করা অর্থ।
মার্চেন্টের তথ্যমার্চেন্ট, তার কর্মী, গ্রাহক, অর্ডার, পার্সেল ও লেনদেনসংক্রান্ত তথ্য।

৩. CourierX কী করে

  • এক ড্যাশবোর্ডে একাধিক কুরিয়ার অ্যাকাউন্ট যুক্ত ও পরিচালনার সুযোগ দেয়।
  • কুরিয়ার বুকিং, ঠিকানার তথ্য পাঠানো, লেবেল বা ম্যানিফেস্ট তৈরি এবং পার্সেলের অবস্থা দেখাতে সাহায্য করে।
  • প্রতিবেদন, স্বয়ংক্রিয় কাজ, গ্রাহক-আচরণ বিশ্লেষণ এবং ব্যবসা বাড়ানোর সহায়ক উপকরণ দিতে পারে।
  • কোন সুবিধা পাওয়া যাবে, তা মার্চেন্টের সাবস্ক্রিপশন পরিকল্পনা ও সংশ্লিষ্ট কুরিয়ারের প্রযুক্তিগত সংযোগের ওপর নির্ভর করবে।

৪. CourierX কী করে না

  • CourierX নিজে কুরিয়ার প্রতিষ্ঠান নয় এবং কোনো পার্সেল হাতে নেয় না, বহন করে না বা পৌঁছে দেয় না।
  • CourierX ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা, জামানত রক্ষাকারী বা সিওডি অর্থের নিশ্চয়তাদাতা নয়।
  • পার্সেল সংগ্রহ, পরিবহন, পৌঁছে দেওয়া, ফেরত আনা, হারানো বা ক্ষতিগ্রস্ত হওয়ার কাজ সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠান করে।
  • CourierX-এ কোনো কুরিয়ারের নাম, মূল্য বা সম্ভাব্য সময় দেখানো মানে সেই কুরিয়ারকে নিশ্চয়তা দেওয়া নয়।

কোনো পার্সেল কুরিয়ার গ্রহণ করার পর সেই পার্সেলের পরিবহন চুক্তি মার্চেন্ট ও সংশ্লিষ্ট কুরিয়ারের মধ্যে হবে। ওই কুরিয়ারের নিজস্ব মূল্য, প্যাকেজিং, নিষিদ্ধ পণ্য, ক্ষতিপূরণ, ফেরত ও সিওডি নীতি প্রযোজ্য হবে।

৫. অ্যাকাউন্ট ও নিরাপত্তা

  • সঠিক ও হালনাগাদ নাম, ঠিকানা, ব্যবসার কাগজপত্র, টিআইএন/বিআইএন, ব্যাংক বা মোবাইল আর্থিক হিসাবের তথ্য দিতে হবে।
  • প্রয়োজন হলে CourierX পরিচয় ও ব্যবসা যাচাইয়ের জন্য অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে।
  • পাসওয়ার্ড, ওটিপি, এপিআই চাবি এবং সংযুক্ত কুরিয়ার অ্যাকাউন্টের তথ্য গোপন রাখতে হবে।
  • অন্য কাউকে ব্যবহারকারী হিসেবে যুক্ত করলে তার কাজের অনুমতি যতটুকু দরকার, ততটুকুই দিতে হবে।
  • অননুমোদিত প্রবেশ বা তথ্য ফাঁসের আশঙ্কা হলে দ্রুত CourierX-কে জানাতে হবে।

৬. সাবস্ক্রিপশন, বিল ও অর্থ ফেরত

  • সাবস্ক্রিপশনের মূল্য, মেয়াদ, সুবিধার সীমা ও প্রযোজ্য কর কেনার সময় দেখানো হবে।
  • CourierX-এর সাবস্ক্রিপশন ফি এবং কুরিয়ার প্রতিষ্ঠানের ডেলিভারি খরচ আলাদা।
  • স্বয়ংক্রিয় নবায়ন চালু থাকলে, বাতিল না করা পর্যন্ত প্রতি মেয়াদের শুরুতে সাবস্ক্রিপশন নবায়ন হবে।
  • মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে অথবা support@courierxbd.xyz-এ লিখে নবায়ন বন্ধ করা যাবে। সাধারণত চলতি পরিশোধিত মেয়াদ শেষ হলে বাতিল কার্যকর হবে।
  • ব্যবহৃত সাবস্ক্রিপশনের অর্থ সাধারণত ফেরতযোগ্য নয়। তবে একই অর্থ দুবার কাটা, ভুল বিল, CourierX-এর কারণে দীর্ঘ সময় গুরুতর সেবা বন্ধ থাকা, অথবা আইন অনুযায়ী প্রয়োজন হলে ন্যায্য অর্থ ফেরত বা জমা সমন্বয় করা হবে।
  • ভবিষ্যৎ মেয়াদের মূল্য পরিবর্তনের আগে যুক্তিসঙ্গত নোটিশ দেওয়া হবে। নতুন মূল্য কার্যকর হওয়ার আগে মার্চেন্ট সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন।

৭. পার্সেল বুকিং ও কুরিয়ার খরচ

  • প্রাপকের নাম, ফোন, পূর্ণ ঠিকানা, পণ্যের ধরন, ওজন, আকার, ঘোষিত মূল্য ও সিওডি অর্থ সঠিকভাবে দিতে হবে।
  • ভুল ওজন, ঠিকানা বা তথ্যের কারণে অতিরিক্ত খরচ, ফেরত, বিলম্ব বা ক্ষতিপূরণের দাবি বাতিল হলে তার দায় মার্চেন্টের।
  • ড্যাশবোর্ডে দেখানো ডেলিভারি খরচ প্রাথমিক হিসাব হতে পারে। প্রকৃত ওজন, আয়তন, দূরবর্তী এলাকা, ঠিকানা সংশোধন, পুনরায় ডেলিভারি বা ফেরতের কারণে চূড়ান্ত খরচ বদলাতে পারে।
  • বুকিং পাঠানো মানেই পার্সেল সংগ্রহ বা ডেলিভারি নিশ্চিত নয়। কুরিয়ারের সেবার এলাকা, সক্ষমতা ও নিজস্ব নীতি প্রযোজ্য হবে।

৮. ক্যাশ অন ডেলিভারি বা সিওডি

অর্থের প্রবাহ: গ্রাহক → কুরিয়ার প্রতিষ্ঠান → মার্চেন্ট। সাধারণ সাবস্ক্রিপশন ব্যবস্থায় এই অর্থ CourierX-এর কাছে আসে না।

  • সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে সিওডি অর্থ সংগ্রহ করবে।
  • সংশ্লিষ্ট কুরিয়ার তার নিজস্ব সময়সূচি, যাচাই, খরচ ও সমন্বয় নীতি অনুযায়ী সরাসরি মার্চেন্টের ব্যাংক বা মোবাইল আর্থিক হিসাবে অর্থ দেবে।
  • অর্থ দিতে দেরি, কম অর্থ দেওয়া, অর্থ আটকে রাখা, প্রতারণা বা ভুল হিসাবে পাঠানোর অভিযোগ সংশ্লিষ্ট কুরিয়ারের কাছে করতে হবে।
  • CourierX তথ্য খুঁজে পেতে বা অভিযোগ এগিয়ে দিতে যুক্তিসঙ্গত সহায়তা করতে পারে; তবে সিওডি অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয় না।
  • ভবিষ্যতে CourierX নিজে কোনো অর্থ বা সিওডি সেবা চালু করলে তার জন্য আলাদা শর্ত, খরচ ও নিষ্পত্তির নিয়ম গ্রহণ করা হবে।

৯. মার্চেন্ট ও তার পণ্যের দায়

  • মার্চেন্টই পণ্যের বিক্রেতা। পণ্যের দাম, মান, আসল-নকল, বিবরণ, মজুত, গ্যারান্টি, চালান, ফেরত, অর্থ ফেরত ও করের দায় মার্চেন্টের।
  • বিজ্ঞাপন ও পণ্যের বিবরণ সত্য, পরিষ্কার এবং বিভ্রান্তিমুক্ত হতে হবে।
  • পণ্য বিক্রি, সংরক্ষণ ও পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমতি বা লাইসেন্স মার্চেন্টকে নিতে হবে।
  • গ্রাহকের অভিযোগ ও আইনগত অনুরোধের সময়মতো উত্তর দিতে হবে।
  • অন্যের মেধাস্বত্ব, ব্র্যান্ড বা গোপনীয়তা লঙ্ঘন করে কোনো পণ্য বা লেখা ব্যবহার করা যাবে না।

১০. প্যাকেজিং ও নিষিদ্ধ পণ্য

পণ্য এমনভাবে মোড়ক, সিল ও লেবেল করতে হবে, যাতে স্বাভাবিক পরিবহনে ক্ষতি না হয়। ভঙ্গুর, তরল বা ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট কুরিয়ারের বিশেষ নিয়ম মানতে হবে।

আইন বা কুরিয়ারের নীতিতে নিষিদ্ধ হলে নিচের পণ্য পাঠানো যাবে না:

  • অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, দাহ্য, বিষাক্ত বা বিপজ্জনক পদার্থ;
  • মাদক, অবৈধ ওষুধ, নকল বা চোরাই পণ্য;
  • নগদ অর্থ, মূল্যবান ধাতু, পাথর বা গহনা—কুরিয়ারের লিখিত অনুমতি ছাড়া;
  • জীবিত প্রাণী, মানবদেহ বা অঙ্গ, দ্রুত পচে যায় এমন খাবার—অনুমোদিত বিশেষ সেবা ছাড়া;
  • অশ্লীল, ঘৃণা ছড়ায়, জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বা অন্যভাবে বেআইনি সামগ্রী;
  • বিশেষ লাইসেন্স, ব্যবস্থাপত্র, শুল্ক বা করের কাগজ লাগে—এমন পণ্য প্রয়োজনীয় কাগজ ছাড়া।

সন্দেহজনক বুকিং হলে CourierX বা কুরিয়ার প্রতিষ্ঠান বুকিং আটকে দিতে, তথ্য চাইতে বা আইন অনুযায়ী কর্তৃপক্ষকে সহায়তা করতে পারে।

১১. ডেলিভারি, ট্র্যাকিং, ফেরত ও ক্ষতিপূরণ

  • ডেলিভারির সময় সাধারণত একটি আনুমানিক সময়। কুরিয়ার লিখিতভাবে নিশ্চয়তা না দিলে এটি নিশ্চিত সময় নয়।
  • আবহাওয়া, যানজট, ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ, সরকারি নির্দেশ, ভুল ঠিকানা বা গ্রাহককে না পাওয়ার কারণে দেরি হতে পারে।
  • ড্যাশবোর্ডের ট্র্যাকিং তথ্য কুরিয়ারের ব্যবস্থা থেকে আসে। তথ্য দেরিতে আসা, অসম্পূর্ণ থাকা বা সাময়িকভাবে না পাওয়ার নিশ্চয়তা CourierX দিতে পারে না।
  • পার্সেল হারানো, ক্ষতি, কম পণ্য পাওয়া, বিলম্ব বা ফেরতের দাবি সংশ্লিষ্ট কুরিয়ারের নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী করতে হবে।
  • দাবির জন্য প্যাকেজিংয়ের ছবি, পণ্যের চালান, ঘোষিত মূল্য, পার্সেল বুঝিয়ে দেওয়ার প্রমাণ ও ট্র্যাকিং তথ্য সংরক্ষণ করুন।

১২. গ্রাহক আস্থা-সূচক ও ব্যবসায়িক পরামর্শ

  • গ্রাহক আস্থা-সূচক, ঝুঁকির সংকেত, বিক্রয় পূর্বাভাস বা ব্যবসায়িক পরামর্শ কেবল সহায়ক তথ্য।
  • এসব কোনো নিশ্চয়তা, ঋণমান, আইনি মতামত বা চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
  • মার্চেন্ট নিজে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবেন। কেবল স্বয়ংক্রিয় ফলাফলের ভিত্তিতে কোনো গ্রাহকের সঙ্গে অন্যায্য বা বেআইনি আচরণ করা যাবে না।

১৩. তথ্য, গোপনীয়তা ও নিরাপত্তা

  • মার্চেন্ট ও গ্রাহকের তথ্যের মালিকানা সংশ্লিষ্ট মালিকের কাছেই থাকবে।
  • সেবা দেওয়া, নিরাপত্তা রক্ষা, সহায়তা, প্রতারণা ঠেকানো এবং আইন মানার জন্য যতটুকু দরকার, CourierX ততটুকু তথ্য ব্যবহার করবে।
  • গ্রাহকের নাম, ফোন, ঠিকানা ও অর্ডারের তথ্য CourierX ও কুরিয়ারকে দেওয়ার বৈধ অনুমতি নেওয়া মার্চেন্টের দায়িত্ব।
  • CourierX প্রয়োজনীয় তথ্য অনুমোদিত কুরিয়ার ও সেবাদাতার সঙ্গে নির্দিষ্ট কাজের জন্য ভাগ করতে পারে; ব্যক্তিগত তথ্য বিক্রি করবে না।
  • তথ্য রক্ষায় যুক্তিসঙ্গত কারিগরি ও ব্যবস্থাপনাগত নিরাপত্তা নেওয়া হবে। আইনগত বা ব্যবসায়িক প্রয়োজন শেষ হলে তথ্য মুছে ফেলা বা পরিচয়বিহীন করা হবে।
  • তথ্য দেখা, সংশোধন, মুছে ফেলা বা সম্মতি প্রত্যাহারের অনুরোধ support@courierxbd.xyz-এ করা যাবে। আইন অনুযায়ী কিছু তথ্য নির্দিষ্ট সময় সংরক্ষণ করতে হতে পারে।

১৪. তৃতীয় পক্ষের সংযোগ ও এপিআই

  • কুরিয়ার, অনলাইন দোকান, বার্তা, অর্থ পরিশোধ বা অন্য সেবার সংযোগ তাদের নিজস্ব শর্ত ও প্রযুক্তির ওপর নির্ভর করে।
  • তৃতীয় পক্ষ কোনো সংযোগ বন্ধ বা পরিবর্তন করলে CourierX-এর কিছু সুবিধা সাময়িক বা স্থায়ীভাবে সীমিত হতে পারে।
  • এপিআই চাবি নিরাপদ রাখতে হবে এবং নির্ধারিত ব্যবহারের সীমা মানতে হবে।
  • অননুমোদিত তথ্য সংগ্রহ, ব্যবস্থা ভাঙার চেষ্টা, ক্ষতিকর সফটওয়্যার ছড়ানো, অতিরিক্ত চাপ সৃষ্টি বা নিরাপত্তা এড়ানোর চেষ্টা করা যাবে না।
  • রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা বা জরুরি পরিবর্তনের জন্য CourierX সাময়িকভাবে সেবা বন্ধ রাখতে পারে। সম্ভব হলে আগে জানানো হবে।

১৫. যেসব ব্যবহার নিষিদ্ধ

CourierX ব্যবহার করে প্রতারণা, ভুয়া অর্ডার, হয়রানি, অনাকাঙ্ক্ষিত বার্তা, পরিচয় চুরি, অর্থপাচার, গ্রাহকের তথ্য বিক্রি, অন্যের অধিকার লঙ্ঘন, ব্যবস্থা নষ্ট করা বা অন্য কোনো বেআইনি কাজ করা যাবে না। CourierX বা কোনো কুরিয়ারের মিথ্যা পরিচয়ও ব্যবহার করা যাবে না।

১৬. মেধাস্বত্ব ও গোপন তথ্য

  • CourierX-এর সফটওয়্যার, নকশা, ব্র্যান্ড, ড্যাশবোর্ড, কাজের পদ্ধতি ও নিজস্ব লেখা CourierX বা তার অনুমতিদাতার সম্পদ।
  • সাবস্ক্রিপশন চালু থাকা অবস্থায় মার্চেন্ট কেবল নিজের ব্যবসার কাজে এগুলো সীমিতভাবে ব্যবহার করতে পারবেন। মালিকানা হস্তান্তর হবে না।
  • মার্চেন্টের তথ্য, লোগো ও নিজস্ব লেখার মালিকানা মার্চেন্টের থাকবে। সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সীমায় CourierX সেগুলো ব্যবহার করতে পারবে।
  • উভয় পক্ষ অন্য পক্ষের অপ্রকাশিত ব্যবসায়িক, মূল্যসংক্রান্ত, কারিগরি ও নিরাপত্তার তথ্য গোপন রাখবে। আইনগতভাবে প্রকাশ করা বাধ্যতামূলক হলে সম্ভব হলে আগে জানাবে।

১৭. অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করা

  • বিল বকেয়া, প্রতারণা, নিষিদ্ধ পণ্য, নিরাপত্তার ঝুঁকি, আইন ভঙ্গ বা প্ল্যাটফর্মের ক্ষতির আশঙ্কা থাকলে CourierX পুরো অ্যাকাউন্ট বা নির্দিষ্ট সুবিধা সাময়িকভাবে বন্ধ করতে পারে।
  • সম্ভব হলে বন্ধ করার কারণ জানানো হবে এবং সমস্যা ঠিক করার সুযোগ দেওয়া হবে। গুরুতর প্রতারণা বা বেআইনি কাজে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
  • শর্ত ভঙ্গের লিখিত নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সমস্যা ঠিক না হলে যে কোনো পক্ষ চুক্তি শেষ করতে পারে।
  • চুক্তি শেষ হলে বকেয়া অর্থ, গোপনীয়তা, তথ্য, মেধাস্বত্ব, দায়, ক্ষতিপূরণ ও বিরোধসংক্রান্ত ধারাগুলো প্রয়োজন অনুযায়ী বহাল থাকবে।
  • প্রচলিত আইন ও তথ্য সংরক্ষণ নীতি সাপেক্ষে, অ্যাকাউন্ট বন্ধের পর ৩০ দিনের মধ্যে তথ্য নামিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে।

১৮. সেবার নিশ্চয়তা ও দায়ের সীমা

CourierX যুক্তিসঙ্গত দক্ষতা, যত্ন ও নিরাপত্তার সঙ্গে সেবা পরিচালনা করবে। তবে সেবা সব সময় নিরবচ্ছিন্ন বা ভুলমুক্ত থাকবে, কোনো নির্দিষ্ট কুরিয়ার সময়মতো পণ্য পৌঁছে দেবে, ব্যবসার আয় বাড়বে, অথবা সব তথ্য শতভাগ সঠিক হবে—এমন নিশ্চয়তা দেওয়া হয় না।

  • কুরিয়ারের কারণে পার্সেল হারানো, ক্ষতি, ভুল ডেলিভারি, বিলম্ব, ফেরত বা সিওডি সমস্যার দায় সংশ্লিষ্ট কুরিয়ারের।
  • আইনে যতটুকু অনুমোদিত, কোনো পক্ষ পরোক্ষ ক্ষতি, হারানো লাভ, ব্যবসা বন্ধ থাকা বা পরোক্ষ তথ্যক্ষতির জন্য দায়ী হবে না।
  • একটি ঘটনার জন্য CourierX-এর মোট দায় সাধারণত সেই ঘটনার আগের তিন মাসে মার্চেন্ট CourierX-কে যে সাবস্ক্রিপশন ফি দিয়েছেন, তার বেশি হবে না।
  • প্রতারণা, ইচ্ছাকৃত অন্যায়, গুরুতর অবহেলা, গোপনীয়তা বা তথ্য সুরক্ষা ভঙ্গ, মেধাস্বত্ব লঙ্ঘন, মৃত্যু বা শারীরিক ক্ষতি এবং আইনত সীমিত করা যায় না—এমন দায়ের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য নয়।

প্রচলিত আইনে কোনো বাধ্যতামূলক অধিকার থাকলে সেটিই অগ্রাধিকার পাবে।

১৯. মার্চেন্টের কারণে দাবি উঠলে

মার্চেন্টের বেআইনি পণ্য, ভুল ঘোষণা, গ্রাহকের বৈধ দাবি, কর ফাঁকি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, মেধাস্বত্ব লঙ্ঘন বা এই শর্ত ভাঙার কারণে CourierX-এর বিরুদ্ধে তৃতীয় পক্ষের দাবি উঠলে, মার্চেন্টকে প্রমাণিত সরাসরি ক্ষতি ও যুক্তিসঙ্গত আইনি খরচ বহন করতে হবে। CourierX দ্রুত দাবি জানাবে এবং আত্মপক্ষ সমর্থনে যুক্তিসঙ্গত সহযোগিতা করবে। CourierX-এর নিজের দোষের অংশ মার্চেন্টকে বহন করতে হবে না।

২০. অভিযোগ ও বিরোধ মেটানোর পদ্ধতি

  • অভিযোগের সঙ্গে মার্চেন্ট পরিচিতি, পার্সেল নম্বর, তারিখ, ঘটনার বর্ণনা ও প্রমাণ দিয়ে support@courierxbd.xyz-এ লিখুন।
  • CourierX দুই কর্মদিবসের মধ্যে অভিযোগ পাওয়ার কথা জানানোর এবং ১৫ কর্মদিবসের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কুরিয়ারের তদন্ত লাগলে আরও সময় লাগতে পারে।
  • পার্সেল বা সিওডি দাবি সংশ্লিষ্ট কুরিয়ারের সময়সীমার মধ্যেই করতে হবে। CourierX-এ অভিযোগ করলে কুরিয়ারের সেই সময়সীমা থেমে থাকবে না।
  • এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। বিরোধ হলে উভয় পক্ষ প্রথমে ৩০ দিন আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে।
  • সমাধান না হলে, প্রচলিত আইন এবং প্রযোজ্য ভোক্তা বা নিয়ন্ত্রক সংস্থায় যাওয়ার অধিকার অক্ষুণ্ণ রেখে, ঢাকার উপযুক্ত আদালতে বিরোধ নিষ্পত্তি হবে।

২১. শর্তাবলীর পরিবর্তন

  • আইন, নিরাপত্তা, সেবা বা ব্যবসায়িক ব্যবস্থায় পরিবর্তন হলে CourierX এই শর্তাবলী বদলাতে পারে।
  • মার্চেন্টের ওপর গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব ফেলে—এমন পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত অন্তত ১৫ দিন আগে ই-মেইল বা ড্যাশবোর্ডে জানানো হবে। জরুরি আইনগত বা নিরাপত্তার পরিবর্তন সঙ্গে সঙ্গে কার্যকর হতে পারে।
  • নতুন শর্ত কার্যকর হওয়ার পর প্ল্যাটফর্ম ব্যবহার চালিয়ে গেলে তা নতুন শর্তে সম্মতি হিসেবে ধরা হবে। সম্মত না হলে ব্যবহার বন্ধ ও সাবস্ক্রিপশন বাতিল করতে হবে।

২২. অন্যান্য সাধারণ শর্ত

  • এই শর্তাবলী, গোপনীয়তা নীতি, সাবস্ক্রিপশন পরিকল্পনা ও লিখিত অর্ডার ফরম মিলিয়ে পক্ষগুলোর সম্পূর্ণ চুক্তি গঠিত হবে।
  • কোনো ধারা আদালতে অকার্যকর হলে বাকি ধারাগুলো বহাল থাকবে।
  • কোনো অধিকার সঙ্গে সঙ্গে প্রয়োগ না করলে সেই অধিকার ছেড়ে দেওয়া হয়েছে বলে ধরা হবে না।
  • মার্চেন্ট CourierX-এর লিখিত অনুমতি ছাড়া এই চুক্তি অন্যকে দিতে পারবেন না। ব্যবসা একীভূত, পুনর্গঠন বা হস্তান্তর হলে CourierX দায়সহ চুক্তি হস্তান্তর করতে পারে।
  • CourierX ও মার্চেন্ট স্বাধীন পক্ষ। এই চুক্তিতে অংশীদারি, যৌথ উদ্যোগ বা বিক্রয় প্রতিনিধিত্ব তৈরি হয় না।
  • নিয়ন্ত্রণের বাইরে দুর্যোগ, যুদ্ধ, অস্থিরতা, দীর্ঘ বিদ্যুৎ বা ইন্টারনেট বিপর্যয়, সরকারি নিষেধাজ্ঞা বা অনুরূপ কারণে কাজ বন্ধ হলে সংশ্লিষ্ট পক্ষ যুক্তিসঙ্গতভাবে দায়মুক্ত থাকবে; তবে ক্ষতি কমানোর চেষ্টা করতে হবে।

সমাপনী ও অঙ্গীকার

CourierX-এর লক্ষ্য আপনার ই-কমার্স বা ব্যবসায়িক পথচলাকে সহজ, সুসংগঠিত ও দুশ্চিন্তামুক্ত করা। মার্চেন্ট হিসেবে আপনার অধিকার সুরক্ষা, তথ্যের গোপনীয়তা রক্ষা এবং একটি স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতেই এই শর্তাবলী প্রণয়ন করা হয়েছে।

প্ল্যাটফর্মটি ব্যবহারের মাধ্যমে আপনি কেবল একটি আধুনিক প্রযুক্তিগত সুবিধা গ্রহণ করছেন না, বরং একটি দায়িত্বশীল ও স্মার্ট ব্যবসায়িক ইকোসিস্টেমের অংশ হচ্ছেন। শর্তাবলী সংক্রান্ত যেকোনো প্রশ্ন, মতামত বা সহায়তার জন্য আমাদের সাপোর্ট টিম সর্বদা আপনার পাশে রয়েছে।

CourierX-কে আপনার আস্থা ও ব্যবসার নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।